• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম


ওসমান হাদি হত্যার বিচার না হলে জুলাই হেরে যাবে: মাসুমা হাদি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ৭:৫৭ পিএম

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানেই জুলাইয়ের পরাজয় বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। সোমবার (১১ মে) দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে মাসুমা হাদি অভিযোগ করেন, তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও বিচার হয়নি।

তিনি বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা ব্যর্থ হয়ে যাবে।”

মাসুমা হাদি আরও বলেন, ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ মাধ্যমে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি, ঢাকার শাহবাগে ব্লকেড কর্মসূচির মাধ্যমে তা শেষ করব। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিন আমরা ঘরে ফিরব না।”

তার ভাষায়, এটি শুধু ওসমান হাদির হত্যার বিচার নয়, বরং বাংলাদেশের জয়-পরাজয়ের প্রশ্ন। তিনি বলেন, “এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না, এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে, নাকি মাথা উঁচু করে দাঁড়াবে; জুলাই কি হেরে যাবে, নাকি মাথা উঁচু করে বাঁচবে।”

দীর্ঘ সময়েও সুষ্ঠু বিচার না হওয়ায় তাদের পরিবারের সদস্যরা চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মাসুমা হাদি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা চলছে এবং মসজিদে নামাজরত অবস্থায় নাচ-গান হচ্ছে। অথচ তারা বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে শিক্ষা দেয় বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, “ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে, যেখানে বাংলাদেশের মুসলমানরা এদেশের মন্দির পাহারা দিচ্ছে।”

এর আগে মাসুমা হাদিকে মুখপাত্র করে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী দোয়া পরিচালনা করেন। পরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাইযোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত।

/এইচটি