ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে দ্বীন ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দ্বীন ইসলাম (২৭) আখাউড়া উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা। তিনি ইসহাক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার আখাউড়ার রামধননগর গ্রামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারধর এবং তাঁর মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে আখাউড়া থানা-পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, দ্বীন ইসলাম নরসিংদীর খালপাড় এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’