• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম


‘গুপ্ত শিবিরকে হত্যা করবো’ –স্লিপ অব টাং, নাকি পরিকল্পিতভাবে হত্যার হুমকি?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১:১১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ওমর ফারুক-এর এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন, “হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরকে হত্যা করবো।” এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশে তিনি আরও বলেন, কোনো ধরনের ‘নোংরামি’ করা হলে আপস করা হবে না এবং কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যটি ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়ে ফেসবুক পোস্টে ‘স্লিপ অব টাং’ দাবি করে দুঃখ প্রকাশ করেন ওমর ফারুক।

এদিকে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক বিবৃতিতে অভিযোগ করেন, এটি পরিকল্পিতভাবে সহিংসতা উসকে দেওয়ার অংশ।

বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং এটি একটি ফৌজদারি অপরাধ। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিবির নেতারা আরও সতর্ক করে বলেন, এ ধরনের বক্তব্য ও হুমকি বন্ধ না হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।