• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম


আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ এপ্রিল ২০২৬ ৯:৫৬ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আজ শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শিরোনামের এই কর্মসূচি সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে জুলাইয়ের আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য ও অংশগ্রহণকারী যোদ্ধারা উপস্থিত থাকবেন। পাশাপাশি জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে বক্তব্য তুলে ধরবেন নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এর আগে গত বুধবার দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, একই স্থানে শুক্রবার ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস একটি পৃথক গণসমাবেশ করেছে। সেখানে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টানা কর্মসূচির মাধ্যমে রাজধানীর এই ঐতিহাসিক স্থানটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।