পাবনার সাঁথিয়ায় গভীর রাতে বিএনপির এক নেতার বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে পুলিশ ১১টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম করমজা ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।
নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে বারান্দায় এসে তিনি পেঁয়াজ রাখার ঘরে আগুন দেখতে পান। তার দাবি, সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একই গ্রামের আরিফসহ প্রায় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত ঘর ভাঙচুর করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, ওই ঘরে তার ৫০ থেকে ৬০ মণ পেঁয়াজ ও রসুন রাখা ছিল। আগুনে সেগুলো সব পুড়ে নষ্ট হয়ে যায়।
নজরুল ইসলাম আরও বলেন, তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে হাইয়েচ গাড়িতে করে পালিয়ে যায়। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে ১১টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
/এএসএফ