হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী সমর সাহার একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) তাকে মাধবপুর থেকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন জানান, সমর সাহাকে মাধবপুর উপজেলা থেকে বাগেরহাটের মোংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানও জানান, সমর সাহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে তিনি অবগত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারসংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে প্রকাশিত একটি ফটোকার্ডে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সমর সাহা মন্তব্য করেন, “দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?”
মন্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই সরকারি কর্মচারীর প্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলেও তার সহযোগীরা এখনো বিভিন্ন সরকারি দপ্তরে অবস্থান করছেন। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
তবে সমর সাহার বক্তব্য বা এ বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
/এএসএফ