বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত হস্তক্ষেপ না করলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে দাবি করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে দেওয়া এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।বক্তব্যে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা বর্তমানে বাংলাদেশে অবাধে কার্যক্রম পরিচালনা করছে। তার দাবি, ভারতের পূর্ব সীমান্তে এখন ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে, যা শুধু ভারতের রাজধানী দিল্লিই নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও জনসভায় বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেন তিনি।নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক বিষয়েও একাধিক অভিযোগ তুলে ধরেন সজীব ওয়াজেদ জয়। তার দাবি, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং পরবর্তীতে বিএনপি সরকার কর্তৃক অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার কার্যত বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়া তিনি অভিযোগ করেন, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর যথাযথ বিচার হচ্ছে না।
/বিএসএস