বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ভবনে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, যারা ভোল পাল্টিয়েছে তারা এখন আরও বেশি অপকর্মে জড়িয়ে পড়েছে। তার ভাষ্য, সরকার গঠনের পর গত পাঁচ মাসেও সমাজের তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ঘুষ ও দুর্নীতি চলছে। তার মতে, পরিবর্তনের ক্ষেত্রে ব্যতিক্রম শুধু তারেক রহমান, যিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন। এ প্রচেষ্টায় সবাইকে একসঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি দাবি করেন, ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার একটি প্রবণতা তৈরি হয়। এই ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন।
তিনি আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করা হলে সেই রক্তদান বৃথা যাবে। বিএনপি সমাজকে পরিবর্তন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
/এসএন