• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম


বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ১২:২৯ পিএম

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময়ে এবং একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিঘ্নিত হওয়া ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আওতায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, যেকোনো ধরনের যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

/এসএন