• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম


সংসদে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বিরোধী দলের ওয়াকআউট

আপডেট টাইম: ১০ এপ্রিল ২০২৬ ৯:৫৫ পিএম

জাতীয় সংসদ-এ জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্কের পর বিরোধী সদস্যরা ওয়াকআউট করেছেন।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বলেন, “আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। ভবিষ্যতে আবার দেখা হবে।”

বিতর্কের সূত্রপাত হয় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদনকে কেন্দ্র করে। জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করলেও, সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান তিনটি সংশোধনী প্রস্তাব আনেন এবং সেগুলো গৃহীত হয়।

সংশোধনীগুলোর মধ্যে ছিল— জাদুঘরের পর্ষদের সভাপতি হিসেবে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া, সরকারকে জনস্বার্থে যেকোনো সদস্যের মনোনয়ন বাতিলের ক্ষমতা দেওয়া এবং সভাপতির তিন বছরের নির্দিষ্ট মেয়াদ ও পুনঃমনোনয়নের সীমা তুলে দেওয়া।

বিলটি পাস হওয়ার পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনী এনে সরকারি দল পূর্বের সমঝোতা ভেঙেছে এবং “দিনদুপুরে, ছলচাতুরীর মাধ্যমে” বিলটি সংশোধিত আকারে পাস করানো হয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনী সরকার আনেনি; একজন বেসরকারি সদস্য তা এনেছেন। প্রয়োজনে ভবিষ্যতে বিলটি আবার সংশোধন করা যেতে পারে।

এ বিষয়ে বিরোধী দলের আপত্তির মুখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নের এই পর্যায়ে এসে আপত্তি জানানোর সুযোগ নেই এবং বিরোধী দলের আগেই সংশোধনী প্রস্তাব দেওয়া উচিত ছিল।

শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিলটি পাস হয় এবং এরপরই বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।