ময়মনসিংহের ভালুকা উপজেলা-এ সাংবাদিক হারুন অর রশিদ-এর কৃষি খামারে হামলা চালিয়ে প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে গাছের কলাও লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের দরগার চালা এলাকায় এ ঘটনা ঘটে। খামার মালিক হারুন অর রশিদ জানান, তিনি প্রায় ৩৩ বিঘা জমিতে কলা চাষ করেছেন। হঠাৎ করেই ৪০ থেকে ৫০ জনের একটি দল খামারে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।
তার অভিযোগ, দুর্বৃত্তরা সংগঠিতভাবে কলাগাছ কেটে ফেলে এবং পরিপক্ব কলা লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, জমি নিয়ে তার কারও সঙ্গে কোনো বিরোধ নেই, তাই এ হামলার কারণ তিনি বুঝতে পারছেন না।
খামারের কেয়ারটেকার শামছুদ্দিন ফকির বলেন, হামলাকারীরা একসঙ্গে খামারে ঢুকে গাছ কাটা শুরু করে। বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় হওয়ায় খামার মালিক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।