• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম


এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ছাত্রদল নেতাসহ আটক ৩

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৯:৪৮ পিএম

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-কে অবরুদ্ধ করা এবং তার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহম্মেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির।

রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ সাজু আহম্মেদ, সোলাইমান কবির এবং স্থানীয় কৃষক দল নেতা আইয়ুব আলীকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা ডিবির পরিদর্শক দেবাংশু কুমার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের একটি ফিলিং স্টেশনে নামাজ পড়তে গেলে সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা চালানো হয়। একদল যুবক তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে ধাওয়া দিয়ে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে তিনি উদ্ধার হন।

এই ঘটনায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখসহ আরও ৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলায় বিএনপি নেতা আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে, যিনি নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত এই মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহম্মেদ বাবুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাজু আহম্মেদ ও সোলাইমান কবিরকেও ছাত্রদল থেকে বহিষ্কার করে তাদের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।