• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম


চূড়ান্ত পর্যায়ে মোকামতলা

নতুন উপজেলা আসছে বাংলাদেশে

আপডেট টাইম: ১৭ এপ্রিল ২০২৬ ২:৩৮ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে তিনি জানান, প্রস্তাবটি প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সভায় অনুমোদন পেয়েছে।

এখনো বাকি আনুষ্ঠানিকতা

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় এখনো কার্যক্রম শুরু হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মোকামতলা উপজেলা আনুষ্ঠানিকভাবে চালু হবে।

পাঁচ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা

শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর—নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, প্রস্তাবিত উপজেলার আয়তন হবে প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ।

কমপ্লেক্সের স্থান এখনো নির্ধারিত নয়

প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান এখনো চূড়ান্ত হয়নি। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শিগগিরই স্থান নির্ধারণ করা হবে।

প্রস্তাবের পেছনের উদ্যোগ

গত ২৩ ফেব্রুয়ারি মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের জন্য আবেদন করেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই বিষয়টি এগিয়েছে।

সব প্রক্রিয়া সম্পন্ন হলে বগুড়ায় এটি হবে ১৩তম উপজেলা। নতুন এই প্রশাসনিক ইউনিট গঠিত হলে স্থানীয় প্রশাসন, সেবা প্রদান এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।