• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম


মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠান পণ্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ৩:২৪ পিএম

গোয়াইনঘাট-এ একটি বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠান চলাকালে আসন নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন-এর বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মন্ত্রী অনুষ্ঠানে পৌঁছানোর পর তাঁর পাশের একটি আসন নিয়ে যুবদলের দুই নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে তাঁদের সমর্থকেরাও এতে জড়িয়ে পড়েন, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মন্ত্রীর সামনেই এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে অনুষ্ঠান শেষ না করেই চলে যান। এ সময় মাইকে তাঁকে অনুরোধ জানানো হলেও তিনি পুলিশি নিরাপত্তায় স্থান ত্যাগ করেন। পরে তিনি অন্য একটি কর্মসূচিতে যোগ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। মন্ত্রীর নির্দেশে তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।