• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম


বয়স ৮০, থামেনি জীবনের লড়াই-ভ্যানেই চলছে আয়নালের জীবন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ এপ্রিল ২০২৬ ৮:৫৮ পিএম

ঢাকা: মেঘে ঢাকা আকাশ, থেমে থেমে বৃষ্টি—তবুও থেমে নেই জীবিকার সংগ্রাম। রাজধানীর মিরপুর ১৪ নম্বর মাদবর বাড়ি সড়কের বউবাজার এলাকায় সেই বাস্তবতার প্রতিচ্ছবি ৮০ বছর বয়সী আয়নাল ঘরামী।
পটুয়াখালী থেকে ১৯৭৪ সালে জীবিকার খোঁজে ঢাকায় আসা আয়নাল জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন নানা ঘাত-প্রতিঘাতে। প্রায় ২০ বছর রিকশা চালানোর পর বয়স ও শারীরিক সীমাবদ্ধতায় তা বন্ধ হয়ে যায়। এরপর ১২ বছর আগে ৩৫০০ টাকা দিয়ে একটি ভ্যান কিনে শুরু করেন শাক-সবজি বিক্রি।
সেই ভ্যানই এখন তার একমাত্র ভরসা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর ১ নম্বর থেকে শাক-সবজি এনে রাস্তায় বসে বিক্রি করেন তিনি। দিনে গড়ে আয় হয় ৩০০ থেকে ৪০০ টাকা—যা দিয়েই চলে তার ও স্ত্রীকে নিয়ে ন্যূনতম জীবনযাপন।
বর্তমানে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে ঘর ভাড়া, ওষুধ ও সংসারের খরচ বহন করতে হচ্ছে তাকে একাই। চার ছেলে ও তিন মেয়ের প্রত্যেকেরই নিজস্ব সংসার থাকায় নিয়মিত সহায়তা পাওয়া যায় না। ঈদ বা জরুরি পরিস্থিতিতে তারা সাহায্য করলেও তা ধারাবাহিক নয়।
বৃষ্টিভেজা এক বিকেলে ভ্যানের পাশে বসে আয়নাল বলেন, “যতদিন পারি কাজ করে যাব। যখন আর পারব না, তখন আল্লাহ যা করবেন তাই হবে।”
স্থানীয়দের চোখেও তিনি পরিচিত এক সংগ্রামী মানুষ। স্থানীয় বাসিন্দা মোছাম্মদ রুখসানা বেগম বলেন, “বহু বছর ধরে তাকে দেখছি। বৃষ্টির মধ্যেও বসে থাকেন, তার কাছ থেকে আমরা সবজি কিনি। দামও তুলনামূলক কম।”
অন্যদিকে চাকরিজীবী ক্রেতা মো. রফিকুল ইসলাম বলেন, “উনি আমার বাবার বয়সী। যে বয়সে বিশ্রাম নেওয়ার কথা, সেই বয়সে তিনি রাস্তায় বসে জীবিকা চালাচ্ছেন। মাঝে মাঝে স্ত্রীও তাকে সাহায্য করেন।”
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আয়নাল ঘরামীর একটাই প্রত্যাশা—স্ত্রীর জন্য একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হলে কিছুটা হলেও স্বস্তিতে কাটাতে পারবেন তারা।