রাজধানীর বাড্ডায় ৩ বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে বাড্ডা থানার বেরাইদ এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শাহীন মিয়া পুলিশি হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে অনলাইন জুয়া খেলার জন্য শাহীন মিয়া তার স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার ৩ বছরের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত ছিলেন। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।