রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত বিশ্বসাহিত্যকেন্দ্র এবং একই ভবনের বুকশপ বাতিঘর থেকে বই কিনেছেন প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরি পরিদর্শন করেন। কেন্দ্রটির যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন জানান, প্রায় ৪০ মিনিট ধরে লাইব্রেরি ঘুরে দেখেন জাইমা রহমান এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের দলিল ও ইতিহাসভিত্তিক সংগ্রহ দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন।
লাইব্রেরির বিভিন্ন দুর্লভ ও সংরক্ষিত বইয়ের সংগ্রহ দেখে তিনি প্রশংসা করেন। ইতিহাস বিষয়ে তার আগ্রহ রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কেন্দ্রের পাঠচক্র কার্যক্রম ও ‘পূর্ণিমা সন্ধ্যা’ আয়োজনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এতে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।
পরিদর্শনের সময় বিশ্বসাহিত্যকেন্দ্রের প্রকাশনা বিক্রয় কেন্দ্র থেকেও তিনি বেশ কিছু বই সংগ্রহ করেন। এর মধ্যে রয়েছে ‘বাঙালির ইতিহাসচিন্তা’ (১৮ খণ্ড), ‘রিডিং ফর প্লেজার’ সিরিজ (২০ খণ্ড) এবং শিশু-কিশোরদের জন্য উপযোগী বিভিন্ন বই।
এছাড়া একই ভবনের বাতিঘর বুকশপেও যান তিনি। সেখান থেকে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের বিভিন্ন বই কেনেন।
বুকশপ সূত্রে জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হক, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার এবং রোকেয়া সাখাওয়াৎ হোসেনসহ আরও অনেকের বই।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ পাঠাভ্যাস বাড়াতে এবং বইপড়ার সংস্কৃতিকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।