মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদসৌদি আরবে অবস্থিত পবিত্র নগরী মক্কা ও মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ নীরব থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, মক্কা ও মদিনা বিশ্বের মুসলমানদের ঐক্যের প্রতীক। এসব পবিত্র স্থানের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের আবেগ ও দায়িত্ববোধ জড়িত।সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ বলেন, মক্কা ও মদিনা সারা বিশ্বের মুসলমানদের কাছে ঐক্যের জায়গা। এটি সাধারণ কোনো কূটনৈতিক বিষয় নয়; এর সঙ্গে আবেগ জড়িত। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে এসব পবিত্র স্থানের ওপর কোনো হুমকি এলে বসে থাকবে না। প্রয়োজনে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে।এর আগে বিআইআইএসএস আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথপরিক্রমা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান উপস্থিত ছিলেন।সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হুথি-সৌদি সংঘাত, মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের জ্বালানিনির্ভরতা এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী।এখনো মক্কা জোটে যোগ দেয়নি বাংলাদেশসৌদি আরবের প্রয়োজন হলে বাংলাদেশ সেনা পাঠাবে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এখনো মক্কা জোটে যোগ দেয়নি। আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার পরই সেনা পাঠানোর বিষয়টি সামনে আসবে। তাই বর্তমান পরিস্থিতিতে সেনা পাঠানোর কোনো প্রশ্ন নেই।তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির প্রতি বাংলাদেশের সংহতি রয়েছে বলে জানান তিনি। শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ হোক, সেটিই প্রত্যাশা করে।তিনি আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে একটি চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরবের সরকার এবং সাধারণ মানুষের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নেই আপাততসৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা ও সরবরাহব্যবস্থায় কোনো প্রভাব পড়বে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশ কোনো অসুবিধা দেখছে না।তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন।শামা ওবায়েদ আরও বলেন, জ্বালানি মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে, ফলে আপাতত কোনো সমস্যা হবে না বলে তারা আশা করছেন। তবে যুদ্ধের প্রভাব পড়লে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এর মুখোমুখি হবে।হামলায় নিহত দুই বাংলাদেশির ঘটনায় শোকগত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি জানান, ওই হামলায় আহত ২৪ জনেরও বেশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।শামা ওবায়েদ বলেন, সরকার আশা করছে, শিগগিরই এ পরিস্থিতির অবসান ঘটবে। কারণ, এ ধরনের সংঘাত ও হামলায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
/বিএসএস