• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম


সাত বছর পরও শেষ হয়নি আবরার হ’ত্যা মা’মলার বিচার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৬:২৫ পিএম

বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ। এই হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর হাইকোর্টেও সাজা বহাল রয়েছে। তবে এখনও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে এটি আপিল বিভাগে রয়েছে এবং সেখানে চূড়ান্ত শুনানির তারিখও এখনো নির্ধারিত হয়নি। দ্রুত শুনানি শেষ করে দণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের পরিবার।

২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

আবরার হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ের পর দণ্ডপ্রাপ্তদের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে রয়েছে এবং চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। তবে কবে নাগাদ এই শুনানি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানির সময় আসামিদের সাজা বহাল রাখার পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হবে।

তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যদি মনে করেন আপিলের মাধ্যমে তারা খালাস পাবেন, তাহলে দ্রুত আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার দায়িত্ব তাদেরই। রাষ্ট্র এ মামলায় বিবাদী হিসেবে রয়েছে। হাইকোর্টে নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রাখার ক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, অ্যাটর্নি জেনারেল কার্যালয় তা পালন করেছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, হাইকোর্ট যেহেতু নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন, তাই আপিল বিভাগে মামলাটি দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ও তাদের আইনজীবীদেরও ভূমিকা রয়েছে। তবে রাষ্ট্রের পক্ষ থেকেও মামলাটি নিষ্পত্তিতে অযথা বিলম্ব যাতে না হয়, সে বিষয়ে চেষ্টা থাকবে।

আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ দ্রুত মামলার শুনানি শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। তিনি জানান, কিছুদিন আগে আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তারা মামলাটি দ্রুত শেষ করার বিষয়ে তাকে আশ্বাস দিয়েছেন।

বরকত উল্লাহ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডের কারণে যেন আর কাউকে আবরার ফাহাদের মতো প্রাণ হারাতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আবরার হত্যা মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল, ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, বুয়েটের মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত অভিযুক্তরা এমন নির্মম হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না।

মামলায় নিম্ন আদালত ও হাইকোর্টে সাজা বহাল থাকার পর এখন আপিল বিভাগের চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে আবরার ফাহাদ হত্যা মামলা। পরিবারের প্রত্যাশা, দ্রুত শুনানি শেষ করে দণ্ড কার্যকর করা হবে।

/এসএন