• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পিএম


হাসিনা ভারতে যা করছেন, ভারতের বিরুদ্ধে এমন হলে মোদি কি ঢাকায় আসতেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ অক্টোবর ২০২৬ ১০:২৮ পিএম

‘হাসিনা ভারতে যা করছেন, মোদি কি ঢাকায় এসে এমন করতেন?’ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টা প্রশ্ন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, সফর হবে বলে তিনি আশাবাদী। তবে নতুন সরকারের চ্যালেঞ্জও বুঝতে হবে। তার বক্তব্য অনুযায়ী, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং সেখান থেকে পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করছেন।হুমায়ুন কবির প্রশ্ন রাখেন, বাংলাদেশে বসে কেউ যদি একইভাবে ভারতের সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাতেন, তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ঢাকা সফর করতেন?তিনি বলেন, দুই দেশের মধ্যে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কূটনৈতিক চ্যানেলে দুই দেশের যোগাযোগ ও সম্পৃক্ততা রয়েছে এবং ইতিবাচক আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধানে পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে বাধা তৈরি করে। ভারত থেকেও কেউ বাংলাদেশে এসে ভারতীয় সরকারের বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে বাংলাদেশ তা হতে দেবে না—একইভাবে ভারতকেও এমন কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর করার বিষয়ে আশাবাদী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার এবং আঞ্চলিক সহযোগিতার স্বার্থে দুই দেশের মধ্যে সংলাপ ও কূটনীতির দরজা খোলা রাখা জরুরি।

/বিএসএস