• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম


ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ অক্টোবর ২০২৬ ৩:২১ পিএম

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের নাগরিকদের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতের নাগরিকদের গড় আয়ু ছিল ৭১ বছর। আর পাকিস্তানের ক্ষেত্রে গড় আয়ু ছিল ৬৮ দশমিক ২ বছর।

তবে পশ্চিমা উন্নত দেশগুলোর মানুষের গড় আয়ু বাংলাদেশের তুলনায় আরও বেশি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য উল্লেখ করেছে, গড় আয়ু বেশি হওয়ার অর্থ এই নয় যে মানুষ সেই পুরো সময় সুস্থ অবস্থায় কাটাচ্ছে। রোগমুক্ত বা সম্পূর্ণ সুস্থভাবে বেঁচে থাকার হার বা সূচক এখনো মোট গড় আয়ুর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

শুক্রবার (২ অক্টোবর) জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি নতুন এই তথ্য প্রকাশ করে।

ডব্লিউএইচওর পরিসংখ্যানে আরও দেখা গেছে, করোনা মহামারি শুরুর আগে বিশ্বে গড় আয়ু যে পর্যায়ে ছিল, ২০২৩ সালে তা প্রায় সেই অবস্থায় ফিরে এসেছে।

২০১৯ সালে বৈশ্বিক গড় আয়ু ছিল ৭৩ দশমিক ৪ বছর। তবে ওই বছরের শেষ দিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বিশ্বজুড়ে মহামারির ব্যাপক প্রভাব পড়ে। এর ফলে ২০২১ সালে বৈশ্বিক গড় আয়ু কমে দাঁড়ায় ৭১ দশমিক ৫ বছরে।

পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি হলে বৈশ্বিক গড় আয়ুও আবার বাড়তে শুরু করে। ২০২৩ সালে তা পুনরায় বেড়ে ৭৩ দশমিক ৩ বছরে পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, “জনস্বাস্থ্যের ক্ষেত্রে গড় আয়ু বৃদ্ধি নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে সামনের দিনে মূল চ্যালেঞ্জ হলো মানুষ যেন শুধু দীর্ঘায়ু না পায়, বরং রোগমুক্ত ও সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।”

/এসএন