শিশু অধিকার রক্ষা, শিশুশ্রম প্রতিরোধ এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। ‘শিশুদের নোবেল’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন তিনি।
নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকারবিষয়ক সংগঠন ‘কিডসরাইটস’ (KidsRights) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৬ সালের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জামিউল হাসান আরাফের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শৈশব ও বেড়ে ওঠার সময় চারপাশের সুবিধাবঞ্চিত শিশুদের নানা সংকট এবং অধিকারবঞ্চনা কাছ থেকে দেখেছেন জামিউল হাসান আরাফ। শিশুশ্রমের নির্মমতা, বাল্যবিবাহের অভিশাপ এবং অর্থের অভাবে শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো তাকে গভীরভাবে নাড়া দেয়। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি শিশু অধিকার সুরক্ষায় কলম তুলে নেন এবং সাংবাদিকতাকে নিজের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন।
শিশু সাংবাদিক হিসেবে তিনি শিশুবিষয়ক বিশেষায়িত সংবাদমাধ্যম ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এ নিয়মিত প্রতিবেদন ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করে আসছেন। তার প্রকাশিত প্রতিবেদনে শিশুদের মৌলিক অধিকার, মানসম্মত শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় বিষয় ধারাবাহিকভাবে উঠে এসেছে।
সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষে জনমত তৈরি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণেও তার এসব প্রতিবেদন ভূমিকা রেখেছে। সাংবাদিকতার মাধ্যমে শিশুদের অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যাকে সামনে তুলে ধরার পাশাপাশি তিনি শিশুদের কল্যাণে মাঠপর্যায়ের কাজেও যুক্ত রয়েছেন।
কিডসরাইটসের প্রকাশিত পরিচিতি বিবরণীতে জামিউলের প্রধান কর্মক্ষেত্র হিসেবে শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার অধিকারকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিটি শিশুর জন্য নিরাপদ সমাজব্যবস্থা গড়ে তোলা, তাদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কুসংস্কার দূর করতে সামাজিক সচেতনতা সৃষ্টি করাই তার প্রধান লক্ষ্য।
সাংবাদিকতার পাশাপাশি জামিউল বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার এসব কার্যক্রম শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়গুলোকে আরও সামনে নিয়ে আসছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশু ও তরুণদের নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং শিশুদের অধিকার রক্ষায় সাহসী অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সাল থেকে প্রতিবছর মর্যাদাপূর্ণ ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ দিয়ে আসছে কিডসরাইটস।
এই আন্তর্জাতিক পুরস্কারের ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জামিউল হাসান আরাফের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তার সামাজিক উদ্যোগ ও সাংবাদিকতার কাজ বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে।
শিশুদের সার্বিক সুরক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আগামী দিনগুলোতেও লেখালেখি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামিউল হাসান আরাফ।
/এসএন