• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম


তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত হবে: চিফ হুইপ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ১২:০৩ এএম

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে। কিশোররা আর অস্ত্র বা চাপাতি নিয়ে ঘুরবে না। তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, দক্ষতা অর্জন করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে। একই সঙ্গে তারা রোবটিক যুগে প্রবেশ করবে।শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।চিফ হুইপ বলেন, বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মব সৃষ্টির সঙ্গে জড়িত, বিগত শাসনামলেও তাদের অনেকে একই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিল। তাদের শনাক্ত করে ছেঁকে বের করার চেষ্টা চলছে।তিনি বলেন, ‘আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না, হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছে বর্তমান সরকারের নেই।’ একই সঙ্গে সবাইকে দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।অশ্লীল ভাষা কোনোভাবেই বরদাশত করা হবে না জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের লাগাম টেনে ধরা হবে। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করা হচ্ছে।চিফ হুইপ আরও বলেন, সংসদ সদস্য মিষ্টির পদত্যাগের মধ্য দিয়ে অনিয়মের বিরুদ্ধে সরকার কঠিন ও কঠোর বার্তা দিয়েছে। অপরাধ করে কেউই পার পাবে না। নিজেদের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়েছে।তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে তাদের শিক্ষা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়ারিরা সব সময় ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক খোলস পরিবর্তন করে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।তিনি বলেন, বিগত শাসনামলে যারা রাজনৈতিক ছত্রছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করত, তারাই আবার বর্তমান ক্ষমতাসীনদের নাম ভাঙিয়ে কিশোর অপরাধ সংগঠিত করছে।হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের রাজনৈতিক পরিচয় দেখার কোনো সুযোগ নেই। সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী।তিনি বলেন, কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারি দল ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

/বিএসএস