• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম


আজ বসছে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৯:৪২ এএম

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠেয় এই বৈঠকের মাধ্যমে ১২ সদস্যের কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য সংরক্ষিত পাঁচটি পদ শূন্য রেখেই প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রথম দিনের বৈঠকে মূলত সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকগুলোর আলোচ্যসূচি নির্ধারণের বিষয়টি প্রাধান্য পাবে। সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে কার্যকর আলোচনা দ্বিতীয় বৈঠক থেকে শুরু হতে পারে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এরপর সংবিধানের বিভিন্ন বিধান, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলতে থাকে।

এই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। গত ১৩ জুলাই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ। সে সময় ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রেখে ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, বিরোধী দল সদস্যদের নাম দিলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে।

তবে বিরোধী দল সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসায় তারা এখনো কমিটিতে যোগ দেয়নি।

বর্তমানে গঠিত ১২ সদস্যের কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন—বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।

/এসএন