• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম


ভর্তুকি দিয়ে জ্বালানি বাজার স্থিতিশীল রাখছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট টাইম: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৩৫ পিএম

জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পেলেও দেশের মানুষের স্বার্থে সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে জ্বালানি তেল ও ডিজেলের দাম বাড়িয়েছে। তবে বাংলাদেশে জনদুর্ভোগ কমাতে সরকার এখনো সেই পথে হাঁটেনি। তিনি বলেন, “এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করছে।”

এ সময় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ বা অযথা বিতর্ক নয়, বরং সহনশীলতা ও ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের অবদান যথাযথভাবে স্মরণ করার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা বিবেচনায় রেখে দায়িত্বশীল আচরণ করা জরুরি।