• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম


অধ্যাদেশ বাতিল হওয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্যের একযোগে পদত্যাগ

আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১০:৪৮ পিএম

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে একটি খোলাচিঠিও পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। বিলে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।

বিরোধী দলের আপত্তি নাকচ করে সংসদ ওই অধ্যাদেশ বাতিল করে এবং জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত ২০০৯ সালের আইন পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।

পদত্যাগ প্রসঙ্গে কমিশনের বিদায়ী সদস্য নূর খান বলেন, সরকারের পক্ষ থেকে সরাসরি পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি। তবে একটি ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল। যেহেতু তারা অধ্যাদেশের ভিত্তিতে দায়িত্ব পেয়েছিলেন, সেটি বাতিল হওয়ায় পদত্যাগ করাকেই যুক্তিযুক্ত মনে করেছেন।

অন্যদিকে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী বলেন, অধ্যাদেশ বাতিল হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে আগের কমিশনের কার্যকারিতা শেষ হয়ে গেছে। তবে সদস্যদের পাঠানো খোলাচিঠি তিনি দেখেননি বলে জানান।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছিল। চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মইনুল ইসলাম চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে নিয়োগ পান নূর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।