• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম


প্রধানমন্ত্রীর জন্য নির্মাণ হচ্ছে নতুন আধুনিক বাসভবন, থাকছে বাংকার ও টানেল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ এপ্রিল ২০২৬ ২:১৬ পিএম

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্য নতুন একটি অত্যাধুনিক বাসভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রস্তাবিত এই বাসভবনে আন্তর্জাতিক মানের ডিজাইনের পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

পরিকল্পনা অনুযায়ী, বাসভবনের মাটির নিচে থাকবে উন্নতমানের বাংকার ও গোপন টানেল, যা জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করবে। বহিঃশত্রুর আক্রমণ বা যেকোনো সংকটে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষিত রাখাই এর মূল উদ্দেশ্য।

জুলাই গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ এখন স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হওয়ায় নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী বাসভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবন থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বাসভবনের জন্য রাজধানীর হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলী রোড এলাকায় জায়গা বিবেচনা করা হচ্ছে। সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করাই স্থান নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে আন্তর্জাতিক মান অনুসরণ করে নকশা তৈরি করা হবে। প্রয়োজন হলে একাধিক ভবন অধিগ্রহণ করে পুরো প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সব মিলিয়ে, নতুন এই বাসভবন হবে আধুনিক স্থাপত্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদার সমন্বয়ে একটি বিশেষ স্থাপনা।