• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম


টিকার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ এপ্রিল ২০২৬ ১:৩০ পিএম

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব ও টিকার সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই এবার বড় অভিযোগ উঠেছে স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির। শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর এই আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে হামের বিস্তার এবং এতে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা একজন সচেতন নাগরিক হিসেবে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি টিকা কার্যক্রমে সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে এতে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শিশুদের জন্য অত্যাবশ্যকীয় টিকা ও সিরিঞ্জের ঘাটতি তৈরি হওয়ায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে এবং শিশুমৃত্যুর ঘটনা বেড়েছে—যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।

আবেদনে অভিযোগ করা হয়, এই পরিস্থিতির পেছনে দায়িত্বে থাকা সাবেক নীতিনির্ধারকদের অবহেলা ও সম্ভাব্য দুর্নীতির ভূমিকা থাকতে পারে। এ বিষয়ে সাধারণ জনগণ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে।

অন্যদিকে, বর্তমান সরকার দাবি করছে—স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা ও সিরিঞ্জের ঘাটতি পূর্ববর্তী সরকারের সময়ের সৃষ্ট সমস্যা। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক দায়-দায়িত্ব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আবেদনকারীরা।