• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম


সংসদে মজার কাণ্ড, ভুলে স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন এমপি আমির হামজা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুন ২০২৬ ১০:২৫ পিএম

সংসদে ভুল মন্ত্রীকে ধন্যবাদ, স্পিকারের হস্তক্ষেপে বক্তব্য সংশোধন করলেন এমপি আমির হামজা

জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বিদ্যমান ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বাতিল করে এ সংশোধনী আনা হয়। তবে বিলটি নিয়ে আলোচনার সময় ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে আমির হামজা বলেন, সরকারের চার মাস হতে চলছে, আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজ আমি মন থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি আনার জন্য। এ বিলের বিষয়ে নীতিগতভাবে আমি মন্ত্রীর সঙ্গে একমত।

তার বক্তব্যের পরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সংশোধন করে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন তো ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?’

স্পিকারের মন্তব্যের পর নিজের ভুল বুঝতে পারেন আমির হামজা। পরে তিনি বক্তব্য সংশোধন করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিলটি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বাতিল করা হয়েছে।

/এএসএফ