জাতীয় সংসদের অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। কোন নোটিশের ওপর বক্তব্য দেবেন, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই তার বক্তব্যের বিষয় নির্ধারণ করে দেন।
রোববার (৭ জুন) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।
বক্তব্যের শুরুতেই আমির হামজা স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপরে বলব? আমি তো জানি না।’
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।’
এরপর নির্ধারিত বিষয়েই বক্তব্য শুরু করেন আমির হামজা। তিনি বলেন, কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থা দিন দিন অকার্যকর হয়ে পড়ছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বর্তমানে সেখানে কোনো নির্বাচিত মেয়র না থাকায় সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে তিন থেকে চারবার বৈঠকও করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সংশ্লিষ্টদের কর্মকাণ্ড ও উদ্যোগ নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
আমির হামজা বলেন, ‘উনার যে কর্মকাণ্ড বা উদ্যোগ, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজ-কর্মের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।’
সংসদ সদস্য হিসেবে স্থানীয় সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষায়, নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও যেসব বিষয়ে সহযোগিতা পাওয়ার কথা, সেগুলো না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তাদের সম্পর্কে ভিন্ন ধারণা তৈরি হচ্ছে।
স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার বা পৌরসভার যেসব বিষয় সংসদ সদস্যরা উত্থাপন করেন, দলীয় পরিচয় নির্বিশেষে সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। জনগণের দুর্ভোগ দূর করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য।
/এসএন