প্রায় দুই বছর বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও আগের মতো চালু থাকবে। আবেদনকারীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেট—এই পাঁচটি ভিসা সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভবিষ্যতে ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু এবং প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হবে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে।
বাংলাদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এই সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
/এসএন