• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১০:২৬ পিএম


চলন্ত মোটরসাইকেলে ইটের হা/মলা, আইসিইউতে শেষ নিঃশ্বাস সেই তরুণের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৬:০২ পিএম

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর রোববার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়।

সকাল ৭টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাফির মা তানিয়া আক্তার। একই তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। পথে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। পূর্বশত্রুতার জেরে হামলাকারীরা তার পথরোধ করে এবং মাথার ডান পাশে ইট দিয়ে জোরে আঘাত করে।

ঘটনার সিসিটিভি ফুটেজ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবুর (৩২) পরিচয় জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, পারভেজ একসময় রাফিদের বাসার ভাড়াটিয়া ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাফির সঙ্গে পারভেজ ও তার সহযোগীদের বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে রাফিকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন পারভেজ, ফয়সাল ওরফে কালু, বাবু এবং তাদের সহযোগী আমিন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আগে থেকেই অবস্থান করছিল। রাফি সেখানে পৌঁছালে তারা তার মোটরসাইকেলের গতি রোধ করে এবং মাথায় ইট দিয়ে আঘাত করে।

সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, হামলার পর অভিযুক্তরাই আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে দেয়। এ সময় তাদের একজন রাফির মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

পুলিশ জানিয়েছে, হামলার পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচার করারও চেষ্টা করা হয়েছিল। স্থানীয় লোকজনকে বলা হয়েছিল, নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। তবে তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলা।

/এসএন