• ঢাকা
  • রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম


সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারণ?

নবম পে-স্কেলে বেতন বাড়ছে, কমছে সর্বনিম্ন-সর্বোচ্চ ব্যবধান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ১:২৩ পিএম

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের বেতন কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর কাছে বেতন ও ভাতা বৃদ্ধির সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেয়।

তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে গেলে অতিরিক্ত আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

বেসামরিক কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগীয় পরিষেবা এবং সশস্ত্র বাহিনীর জন্যও পৃথক বেতন কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

এই তিনটি প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য সুপারিশ তৈরির জন্য গত মাসে বিএনপি সরকার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। এই কমিটিই তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ দেবে। প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা।

নতুন প্রস্তাবনায় ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ রয়েছে। যদিও গ্রেড সংখ্যা আগের মতোই ২০টি রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১:৯ দশমিক ৪।

এতে দেখা যায়, সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং সিনিয়র সচিবদের জন্য ২০ ধাপের বাইরে আলাদা বেতন ধাপ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রজ্ঞাপন জারি করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

/এসএন