• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:০০ এএম


দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৯:২১ পিএম

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী হান হান সেওং-সুককে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

রোববার (৭ জুন) প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, পার্লামেন্টের অনুমোদন পেলে হান হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার গত ২০ বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ কাং হুন-সিক বলেন, হান দক্ষিণ কোরিয়ার ইন্টারনেট জায়ান্ট নাভারের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রূপান্তরের যাত্রায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

কাং হুন-সিক আরও বলেন, হান সেমিকন্ডাক্টর খাতের দ্রুত সম্প্রসারণ এবং রপ্তানিনির্ভর দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে রূপ দেওয়ার জন্য কাজ করবেন। এর সুফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সরকারব্যবস্থায় প্রধানমন্ত্রী পদটি মূলত প্রশাসনিক ও আনুষ্ঠানিক দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত। দেশটি প্রেসিডেন্টশাসিত সরকারব্যবস্থা অনুসরণ করে, যেখানে রাষ্ট্র পরিচালনায় প্রেসিডেন্টের ভূমিকাই প্রধান।

/এসএন