ভারতে রাস্তা ও জনবহুল এলাকা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের নভেম্বরে দেওয়া এক গুরুত্বপূর্ণ নির্দেশনা সংশোধনের আবেদন মঙ্গলবার (১৯ মে) খারিজ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে বলা হয়েছিল, হাসপাতাল, স্কুল, কলেজ, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন জনবহুল স্থান থেকে ভবঘুরে কুকুর সরিয়ে নিতে হবে।
মঙ্গলবার সেই নির্দেশনা পরিবর্তনের জন্য করা আবেদন খারিজ করে আদালত বলেন, ভবঘুরে কুকুরের আক্রমণের ঘটনা বর্তমানে জননিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ এ ধরনের ঘটনার বেশি শিকার হচ্ছেন।
আদালতের পর্যবেক্ষণে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন ঘটনায় ছোট শিশু আহত হয়েছে, বয়স্কদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং বিদেশি পর্যটকেরাও কুকুরের আক্রমণের শিকার হয়েছেন।
রায়ে সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে বলেন, শুধু কুকুরকে টিকা দেওয়া বা বন্ধ্যাকরণ করে আগের জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। স্থানীয় কর্তৃপক্ষকে এসব কুকুর নির্ধারিত আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
/এসএন