আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র গবাদি পশু বোঝাই একটি গাড়ি আটক করে পশুর ‘জন্ম সনদ’ দেখতে চাওয়ায় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
রোববার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকা দিয়ে যাওয়ার সময় গবাদি পশুবাহী একটি গাড়ি থামান বিধায়ক রেখা পাত্র। পরে তিনি পশুগুলোকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশের একটি গাছের নিচে বেঁধে রাখেন এবং তাদের জন্য খড় ও পানির ব্যবস্থা করেন।
রেখা পাত্র দাবি করেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গবাদি পশু ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী ১৪ বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা যাবে না।
রেখা পাত্র বলেন, “যদি কাউকে অবৈধভাবে গরু পরিবহন করতে দেখা যায়, আমরা অবশ্যই তাদের ধরব এবং গরুর জন্ম সনদ দেখাতে বলব। কেউ জন্ম সনদ দেখাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তার এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের নেতারা কড়া সমালোচনা করেন।
তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ কটাক্ষ করে বলেন, “আমরা মাননীয় বিধায়ককে অনুরোধ করছি, তিনি যেন যেকোনো ডাবল ইঞ্জিন রাজ্য থেকে গরুর এমন একটি জন্ম সনদ নিয়ে আসেন। এটি তথ্যসূত্র হিসেবে সহায়ক হবে।”
তিনি আরও বলেন, “বিজেপি যদি গরুর এমন কোনো জন্ম সনদ দেখাতে পারে, তাহলে দেখতে হবে কে সেই সনদ অনুমোদন করেছে।”
এ ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
/এএসএফ