• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম


সেনাবাহিনী আমার, দেশও আমার: কারাগার থেকে ইমরান খান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ২:০৭ পিএম

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) ‘মারকা–ই–হক’ বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সমগ্র জাতিকে অভিনন্দন জানিয়েছে। দলটি জানায়, সে সময় আদিয়ালা কারাগার থেকে তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা ছিল স্পষ্ট— “সেনাবাহিনী আমার, দেশও আমার”।পিটিআই দাবি করে, এক বছর আগে চার দিনের সংঘাতে ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দৃঢ় ও নির্ণায়ক প্রতিক্রিয়া দেখিয়ে কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।

দলের মিডিয়া সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশের সব প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সদস্যদের অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে পাকিস্তানি বাহিনী পেশাদারিত্বের এক ঐতিহাসিক নজির স্থাপন করেছে।এতে আরও বলা হয়, মাতৃভূমি রক্ষায় আত্মোৎসর্গকারী পাকিস্তান সেনাবাহিনী ও পিএএফের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হচ্ছে।বিবৃতিতে পিটিআই আরও দাবি করে, কারাবন্দি অবস্থাতেও ইমরান খানের দূরদর্শী নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দলটির ভাষ্য অনুযায়ী, তিনিই আন্তর্জাতিক অঙ্গনে নরেন্দ্র মোদির উগ্রবাদী মনোভাব তুলে ধরেছিলেন এবং তার শাসনামলে চীন থেকে অত্যাধুনিক জে–১০সি যুদ্ধবিমান সংগ্রহ নিশ্চিত করেছিলেন।পিটিআইয়ের দাবি, বর্তমানে এসব যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে।

/বিএসএস