• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম


মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ হবে হরমুজ প্রণালী: ইরানের কঠোর হুঁশিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ৪:৩৩ পিএম

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতার এক শীর্ষ সামরিক উপদেষ্টা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এই গুরুত্বপূর্ণ জলপথই যুক্তরাষ্ট্রের জন্য ‘কবরস্থানে’ পরিণত হতে পারে।রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার ও দেশটির প্রভাবশালী পরিষদের সদস্য মোহসেন রেজায়ী বলেন, বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা বিমানবাহী রণতরী ব্যবহার করে দস্যুতার মতো আচরণ করছে। তার দাবি, এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে মার্কিন রণতরীগুলো ধ্বংসের মুখে পড়তে পারে।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ চালানোর সময় মার্কিন বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে, যা তিনি নিজেও ‘দস্যুর মতো আচরণ’ বলে উল্লেখ করেন। গত মাসে তিনি হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ দেন বলে জানা যায়।বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর ইরান এই প্রণালিতে চলাচলে কিছু সীমাবদ্ধতা আরোপ করে।অন্যদিকে ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ইরানের সামরিক ও রাজনৈতিক মহল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের নৌ অবরোধ বাস্তবায়ন সফল হতে দেবে না তারা এবং প্রয়োজন হলে শক্তভাবে মোকাবিলা করবে।মোহসেন রেজায়ী আরও বলেন, অতীতের মতো এবারও শত্রুপক্ষের পরিণতি ভোগ করতে হতে পারে। তার ভাষায়, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে।

/বিএসএস