রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙ্গর’ নামের একটি বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গ্যারেজটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনের কাজে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার (১৭ অক্টোবর) সেটি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে নেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। আগুনের তীব্রতায় বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। একই সঙ্গে ভেতরের আসনগুলোও এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো আর ব্যবহার করা সম্ভব হবে না।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এর নিয়মিত চলাচল ব্যাহত হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় শনিবার বাসটি সার্ভিসিংয়ের জন্য গ্যারেজে পাঠানো হয়েছিল। কিন্তু রোববার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে আগুন লাগলে তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসেও ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পাওয়ার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বাসটির ক্ষয়ক্ষতির দায়ভার গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তাঁকে আশ্বস্ত করা হয়েছে। এ ছাড়া আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।
তারেক বিন আতিক বলেন, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন। তবে অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং মেরামতের কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
/এসএন