• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ এএম


হুমকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না: আরাঘচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ অক্টোবর ২০২৬ ১০:১৯ পিএম

হুমকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না: আরাঘচি

জোর-জবরদস্তি, হুমকি কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে ইরানকে দমিয়ে রাখা যাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, কোনো ধরনের চাপের মুখে ইরান তার সার্বভৌম অধিকার থেকে সরে আসবে না। তবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসযোগ্য নিশ্চয়তার ভিত্তিতে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত রয়েছে।রোববার (১৮ অক্টোবর) সকালে বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আরাঘচি। তিনি জানান, আন্তর্জাতিক আইনের প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতে, আলোচনার পথ খোলা রাখাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়; বরং এটি দায়িত্বশীলতার পরিচয়।যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড ও অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে বলে অভিযোগ করেন তিনি।বক্তব্যে ইয়েমেন ও সৌদি আরবের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং ভূখণ্ডগত অখণ্ডতার প্রতিও সমর্থন জানান আরাঘচি। তাঁর মতে, ইয়েমেনের সংকট সমাধানে একটি অন্তর্ভুক্তিমূলক ও সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়াই কার্যকর এবং টেকসই পথ।আরাঘচি বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি, জোর-জবরদস্তি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একই সঙ্গে ইয়েমেনের সংকটের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে স্থায়ী সমাধানে পৌঁছানোও সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার অভিযোগ প্রসঙ্গে আরাঘচি বলেন, ইরান কখনো প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ করেনি। তাঁর দাবি, ইরান যেসব সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো প্রতিবেশী অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা।

/বিএসএস