• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম


উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রে’প্তার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ১০:০৬ পিএম

ভারতের উত্তর প্রদেশের বিজনরে অনুমোদিত শব্দসীমার চেয়ে বেশি আওয়াজে লাউডস্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সংশ্লিষ্ট মসজিদের মাইক জব্দ করা হয়। পরে মুয়াজ্জিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এক বিট কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১০ অক্টোবর) বিজনরের নাজিবাবাদ এলাকায় একটি অভিযোগ শুনানি অনুষ্ঠানে যাওয়ার পথে জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং এবং পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই একটি মসজিদ থেকে উচ্চশব্দে আজানের আওয়াজ শুনতে পান। শব্দের মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ায় পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশ পাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকটি জব্দ করে এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করে। পরে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ও শান্তিভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এরপর তাঁকে স্থানীয় আদালতে হাজির করা হলে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় শব্দ নিয়ন্ত্রণের বিধিনিষেধ কার্যকর করতে ব্যর্থ হওয়ায় বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিজনরের সব থানার আওতাধীন উপাসনালয়গুলোতে নির্ধারিত শব্দসীমার মধ্যে মাইক ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে বিট কনস্টেবলদের মাধ্যমে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল সিং জানিয়েছেন, আদালত ও সরকারের নির্দেশনা অনুসরণ করে শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলাজুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। সব ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্ধারিত নিয়ম মেনে মাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে বিজনর জেলাজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন উপাসনালয় থেকে মোট ২ হাজার ৫০৯টি অতিরিক্ত মাইক সরিয়ে নিয়েছিল স্থানীয় প্রশাসন। এর মধ্যে মসজিদের ১ হাজার ৩২৩টি, মন্দিরের ১ হাজার ১১৬টি এবং গুরুদুয়ারার ৭০টি মাইক ছিল।

/এসএন