পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস (এমজিআইএমও)-এর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ২০ বছর আগে রাশিয়া আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানসহ উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নিরাপত্তা ধারণা তৈরির প্রস্তাব দিয়েছিল। মস্কোর মতে, আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যকে একই কাঠামোর মধ্যে যুক্ত করা গেলে পারস্য উপসাগরকে ঘিরে জটিল সম্পর্কের সমাধান করা সম্ভব।
ল্যাভরভ আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক পরিস্থিতিতে পরিবর্তন আসে। তবে এর কয়েক বছর আগে চীন ও রাশিয়ার সক্রিয় মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গ তুলে ল্যাভরভ বলেন, এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট গঠনের একটি রূপরেখা। মিশর বা আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও যদি এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করা যায়, তাহলে সেটিই রাশিয়ার প্রস্তাবিত মূল ধারণার সবচেয়ে কার্যকর বাস্তবায়ন হবে।
তবে এই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে রাশিয়া কোনো নেতৃত্বস্থানীয় ভূমিকা দাবি করবে না বলেও নিশ্চিত করেছেন সের্গেই ল্যাভরভ।
/এসএন