• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম


হরমুজ প্রণালি থেকে মার্কিন চালকহীন সাবমেরিন আটক, ইরানের দাবি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি চালকহীন সাবমেরিন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করে আইআরজিসি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে তেহরান। এর মধ্যেই প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি চালকহীন সাবমেরিন আটক করার দাবি করল ইরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে একটি জটিল গোয়েন্দা ও সামরিক অভিযান পরিচালনা করে হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সর্বাধুনিক চালকহীন ও ‘স্মার্ট’ সাবমেরিন আটক করেছে আইআরজিসির নৌবাহিনী।

বিবৃতিতে আইআরজিসি মার্কিন সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে উল্লেখ করে দাবি করেছে, তাদের নৌবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সাবমেরিনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।

/এএসএফ