• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম


ইস রায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ভারত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ২:১৭ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনালাপে মধ্যপ্রাচ্যের (পশ্চিম এশিয়া) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভারত-ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতে অগ্রগতিও পর্যালোচনা করেন দুই নেতা।

বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি জানান, সময়ের সঙ্গে ভারত ও ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, দুই দেশের সহযোগিতার বিভিন্ন খাতের অগ্রগতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা।

বিবৃতিতে আরও জানানো হয়, উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও ইসরায়েল কাজ করবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। সে সময় দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার বিষয়ে মোদি ও নেতানিয়াহু ঐকমত্যে পৌঁছেছিলেন।

/এসএন