• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম


ইরান সরকার উৎখাতের ব্যর্থ পরিকল্পনা, মোসাদের দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ আগস্ট ২০২৬ ৭:০৯ এএম

ইরানের সরকার পরিবর্তনের একটি কথিত ব্যর্থ পরিকল্পনার জেরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধান রোমান গোফম্যান এই দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের একজন গত ডিসেম্বর থেকে মোসাদের গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরজন ছিলেন সংস্থাটির ইরান বিষয়ক বিভাগের প্রধান।

প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই দুই কর্মকর্তা ইরানের সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোকে বিদ্রোহে উৎসাহিত করা এবং সরকারবিরোধী গণবিক্ষোভের মাধ্যমে দেশটির নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে একটি লিখিত পরিকল্পনা প্রণয়ন করেছিলেন।

তবে পরিকল্পনাটি বাস্তবায়নে সফলতা না পাওয়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

/এএসএফ