• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম


শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহারের জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১০:০৯ পিএম

ভারতের শিক্ষাব্যবস্থা, জাতীয় পরীক্ষা পদ্ধতি এবং দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগের সমালোচনা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে দেশের শিক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় বক্তব্য দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-ঘনিষ্ঠ ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে বসিয়ে শিক্ষাব্যবস্থাকে দুর্বল করা হয়েছে। পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গঠনের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাকে অতিরিক্তভাবে কেন্দ্রীয়করণ করায় সংকট আরও বেড়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, প্রতি বছর শিক্ষাখাতে বরাদ্দ বাড়ার কথা থাকলেও জাতীয় বাজেটে এ খাতের অংশ ক্রমেই কমছে। এর ফলে শিক্ষা খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।

দিল্লিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন পেলেট গান ব্যবহার করা হয়েছে। লোকসভায় তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছে?”

তিনি আরও বলেন, “দেশের তরুণদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের প্রয়োজন কী ছিল? তারা কি সন্ত্রাসী?” এ সময় বিরোধী দলের সদস্যরাও সরকারের সমালোচনায় অংশ নেন।

ভারতের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা-সংক্রান্ত দুর্নীতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর শাস্তির নজির খুব কমই দেখা গেছে। তার অভিযোগ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়লেও সরকার সমস্যার স্থায়ী সমাধানের পরিবর্তে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতে বিভিন্ন জাতীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ প্রেক্ষাপটে কংগ্রেসসহ বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থার অব্যবস্থাপনা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কঠোর অবস্থানের অভিযোগ তুলে আসছে।

লোকসভায় দেওয়া বক্তব্যে প্রিয়াঙ্কা গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগের কারণ ব্যাখ্যা এবং দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: এনডিটিভি

/এএসএফ