• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম


কুর্দি–নিয়ন্ত্রিত গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, আকাশে মার্কিন যুদ্ধবিমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১০:৫৬ এএম

উত্তর ইরাকের কুর্দি–নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। এই গ্যাসক্ষেত্র থেকে উত্তর ইরাকের ওই অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।

আইআরআইবির তথ্য অনুযায়ী, কুর্দি–অধ্যুষিত অঞ্চলের সুলাইমানিয়ায় অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রে সোমবার দিবাগত শেষ রাতের দিকে হামলাটি চালানো হয়।

একই সময়ে গ্যাসক্ষেত্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কুর্দি–শাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও কয়েকটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের মুহূর্তের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আল–জাজিরার সঙ্গে আলাপকালে পুলিশ সূত্র জানায়, উত্তর ইরাকের এরবিলের উত্তর-পূর্বে অবস্থিত খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্য করে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ইরানি ড্রোন হামলার পর এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে।

পুলিশ আরও জানায়, লক্ষ্যবস্তু করা এলাকাগুলো এবং এর আশপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়েছে।

উল্লেখ্য, নতুন ধাপে টানা ১৩ রাত হামলা চালানোর পর গত শুক্রবার থেকে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় ইরানও পাল্টা হামলা থেকে বিরত রয়েছে। এর মধ্যেই উত্তর ইরাকে এসব হামলার খবর সামনে এলো।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে এ দাবি নাকচ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার মিশিগানে যাওয়ার পথে প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভালো আলোচনা চলছে। ভালো কিছু ঘটার সম্ভাবনা আছে।”