• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম


ইরাকের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ইরানের ড্রোন হামলা!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ৮:০১ এএম

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। ওই গ্যাসক্ষেত্র থেকে কুর্দি অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়।

আইআরআইবির খবরে বলা হয়েছে, সোমবার দিবাগত গভীর রাতে সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত খোর মোর গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

প্রায় একই সময়ে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ এরবিলে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আল–জাজিরার সঙ্গে কথা বলা পুলিশ সূত্রের দাবি, এরবিলের উত্তর-পূর্বে খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন এই ড্রোন হামলার পর এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা গেছে। তাদের তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ও আশপাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়েছে।

এর আগে টানা ১৩ রাত হামলার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা স্থগিত করে। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়ার পর ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে বলে জানানো হয়। এমন পরিস্থিতির মধ্যেই উত্তর ইরাকে নতুন এই হামলার ঘটনা সামনে এলো।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি হামলা বন্ধ রেখেছেন।

সোমবার মিশিগানে যাওয়ার পথে প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে এবং ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।

/এএসএফ