• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম


মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে কড়াকড়ি দিল্লি পুলিশের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৯:০৪ পিএম

ভারতে নিট (এনইইটি) পরীক্ষা-সংক্রান্ত আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু করেছে দিল্লি পুলিশ। এ ঘটনায় একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নোটিশ পাওয়ার পর চিহ্নিত অধিকাংশ আপত্তিকর ভিডিও, পোস্ট ও মন্তব্য ইতোমধ্যে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এ ছাড়া একটি বিশেষ পুলিশ দল নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ডিজিটাল কনটেন্ট পর্যবেক্ষণ করছে। নতুন কোনো বিতর্কিত বা আপত্তিকর উপাদান শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারের একদিন পর দিল্লি পুলিশের এ সাইবার পদক্ষেপের তথ্য সামনে আসে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন প্রায় ৩৭ দিন চলার পর গত শনিবার (২৫ জুলাই) তা প্রত্যাহার করা হয়।

আন্দোলনকারীদের দাবির মধ্যে কেন্দ্রীয় সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা দেয়।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকারের পক্ষ থেকে সমঝোতার শর্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পরই তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু হয়েছিল। পরে পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে তা আরও গতি পায়। ২০ জুলাই ‘সংসদ চলো মার্চ’ কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ঘটে।

সূত্র: এনডিটিভি

/এএসএফ