• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম


সৌদি আরবে সড়ক দু/র্ঘটনায় দুই ভাইয়ের মৃ/ত্যু, শোকে স্ত/ব্ধ লক্ষ্মীপুরের গ্রাম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১:১০ পিএম

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর ব্যবসায়ী ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নিহত হয়েছেন। গত বুধবার ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুরে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে প্রাইভেটকারে যাত্রাকালে দুর্ঘটনার শিকার হন দুই ভাই। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তারা মারা যান।

নিহত সজীব ও সুজন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য মালামাল কিনতে গিয়েছিলেন দুই ভাই। প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের বহনকারী প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সজীব ও সুজনের মৃত্যু হয়।

দুই ভাইয়ের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই গ্রামের বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা গভীর শোকে মুহ্যমান। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, সজীব ও সুজন দুজনই ভদ্র স্বভাবের ও পরিশ্রমী ছিলেন।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, ‘আমার দুই ছেলে একসঙ্গে মারা গেছে। সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।’ তিনি দ্রুত দুই ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে নিহত দুই ভাইয়ের পরিবারও মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে।

/এসএন